সর্বশেষ খবর
পেট্রোল পাম্প থেকে তেল কেনায় বড় নিষেধাজ্ঞা!
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ আমজনতার স্বস্তি বাড়াতে দেশের খুচরো পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কোনও শিল্পক্ষেত্র, বড় ব্যবসা, কারখানা বা কর্পোরেট সংস্থা তাঁদের বাণিজ্যিক ব্যবহারের জন্য সাধারণ পেট্রোল পাম্প থেকে সরাসরি পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন না। পাম্পের জ্বালানি শুধুমাত্র সাধারণ গ্রাহক ও ব্যক্তিগত গাড়ি চালকদের জন্যই সংরক্ষিত থাকবে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এই জরুরি নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্বজুড়ে চলা ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের সরবরাহ শৃঙ্খল ব্যাহত হচ্ছে। এর প্রভাব থেকে দেশের সাধারণ মধ্যবিত্তদের বাঁচাতে সরকার খুচরো পেট্রোল পাম্পে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু এর ফলে খুচরো পাম্পের চেয়ে পাইকারি বা 'বাল্ক' (Bulk) বিক্রির দাম অনেকটাই বেড়ে গেছে।
এই দামের পার্থক্যের সুবিধা নিতে বড় বড় শিল্প সংস্থা, টেলিকম টাওয়ার অপারেটর ও বড় পরিবহন সংস্থাগুলো পাইকারি বিক্রেতাদের কাছ থেকে তেল না কিনে সাধারণ পেট্রোল পাম্প থেকে ড্রাম বা ট্যাঙ্কার ভরে সস্তায় জ্বালানি কেনা শুরু করে।
যার ফলে দেশের বিভিন্ন পাম্পে কৃত্রিম অভাব এবং সাধারণ মানুষের জ্বালানি না পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছিল। এই কালোবাজারি ও মজুতদারি রুখতেই মোদি সরকার কড়া পদক্ষেপ করেছে।

