সর্বশেষ খবর
সুরুচিতে কুরুচির প্রস্তাব স্বরূপের বিরুদ্ধে
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: পুলিশি হেফাজতে থাকার মাঝেই আরও বড় বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে এবার নিউ আলিপুর থানায় বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন এক মহিলা ব্যবসায়ী। ফুড কার্ট বা খাবার দোকান খোলার অনুমতির জন্য স্বরূপ ৮০ লক্ষ টাকা তোলা চেয়েছেন বলে অভিযোগ। শুধু বিপুল অঙ্কের টাকা দাবিই নয়, একই সঙ্গে ওই মহিলাকে ‘সুরুচি সংঘ’ ক্লাবের ঘরে একান্তে দেখা করার কুপ্রস্তাবও দেওয়া হয় বলে জানা গিয়েছে।
অভিযোগকারিণী জানিয়েছেন, রাস্তায় দোকান খোলার প্রয়োজনীয় অনুমতির জন্য তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু স্বরূপের তরফে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এর পাশাপাশি ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধি’র ইঙ্গিত দিয়ে তাঁকে ক্লাবের ঘরে একা আসার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগে গত ১৪ জুন নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় স্বরূপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫(১)(ii) এবং ৩০৮(৪) ধারা-সহ তোলাবাজি ও মহিলার শালীনতাহানির অভিযোগে নতুন মামলা রুজু করা হয়েছে। গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি ও খুনের চেষ্টার মতো একাধিক গুরুতর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন টলিপাড়ার ফেডারেশনের এই প্রাক্তন সভাপতি। আদালত তাঁকে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই এই নতুন এফআইআর ধৃত তৃণমূল নেতার আইনি অস্বস্তি এবং চাপ বহুগুণ বাড়িয়ে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্তকারীরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন।

