সর্বশেষ খবর
যাদবপুরের বিতর্কিত স্লোগান ‘মোছা অনেক আগেই উচিত ছিল, বিলম্বিত বোধোদয়’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিবেদন, খড়গপুর: “মোছা অনেক আগেই উচিত ছিল। বিলম্বিত বোধোদয়।” যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের বিতর্কিত স্লোগানের ওপর সাদা প্রলেপ দেওয়া প্রসঙ্গে রবিবার এই মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন খড়গপুর লোকাল থানা এলাকার একটি রিসর্টে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির’ কর্মসূচির শেষ দিনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর ইস্যুতে সুর চড়ান মুখ্যমন্ত্রী।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের দেওয়ালে ‘কিষেণজি রেড স্যালুট’ এবং ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো চরমপন্থী ও দেশবিরোধী স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। কেন এই ধরণের স্লোগান শিক্ষাঙ্গনের দেওয়ালে থাকবে, তা নিয়ে আগেই কড়া আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই রবিবার দেখা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সব দেওয়ালে সাদা রঙের প্রলেপ দিয়ে বিতর্কিত দেওয়াল লিখন মুছে দিয়েছে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে অনেকেই তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি নিজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “অভিযোগ যা এসেছিল, তা প্রমাণিত। এই স্লোগানগুলো কি দেশের পক্ষে, শিক্ষার স্বার্থে ছিল? প্যালেস্তাইন কী? রেড স্যালুট কিসের? কত নিরপরাধ লোককে মেরেছে?”
রাজনৈতিক মহলের মতে, শিক্ষাঙ্গনে দেশবিরোধী মানসিকতা বা উগ্রপন্থী ভাবনাকে যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, খড়গপুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী সেই কড়া বার্তাই পুনর্ব্যক্ত করলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, তা করতে কেন এত দেরি হলো, সেই প্রশ্নও তুলে দিয়েছে।

