সর্বশেষ খবর
‘বড় ফাঁড়া থেকে বাঁচলাম’, শুটিংয়ের মাঝে চোখে গুরুতর চোট আরাত্রিকার
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র সেটে চলল টানটান উত্তেজনা, তবে তা ক্যামেরার সামনে নয়, নেপথ্যে। শুটিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ছোটপর্দায় দর্শকদের প্রিয় পুলিশ অফিসার ‘উজি’ ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। একটি মারপিটের অ্যাকশন দৃশ্যের ক্লোজ-আপ শট দেওয়ার সময় আচমকাই একটি ভারী চামড়ার বেল্ট এসে লাগে তাঁর বাঁ চোখে। এই আকস্মিক আঘাতেই অঘটন ঘটে যায় স্টুডিও পাড়ায়। চোট এতটাই গুরুতর যে চোখের পাতা ফুলে, রক্ত জমাট বেঁধে প্রায় বীভৎস আকার ধারণ করে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শুটিং। তীব্র যন্ত্রণা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসার পর পেশাদারিত্বের পরিচয় দিয়ে ওই দিনের কাজ শেষ করেন অভিনেত্রী। তবে চিকিৎসকদের কড়া পরামর্শ মেনে রবিবার শুটিং থেকে একদিনের জন্য বিরতি নিতে বাধ্য হন তিনি। এই মুহূর্তে চোখের বিশ্রামের জন্য ফোন ব্যবহারও একপ্রকার বন্ধ করে দিয়েছেন আরাত্রিকা। সামাজিক মাধ্যমে চোখের এই অবস্থার ছবি পোস্ট হতেই উদ্বেগে ভেঙে পড়েন তাঁর অগণিত অনুরাগী। সেটের সহ-অভিনেত্রী তথা পর্দার দিদি শ্রুতি দাসও আরাত্রিকার এই চোটের ছবি ভাগ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আপাতত কেমন আছেন অভিনেত্রী? সোমবারে আবার খাকি উর্দি গায়ে সেটে ফিরেছেন লড়াকু আরাত্রিকা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বস্তি প্রকাশ করে জানান, “খুব বড় একটা ফাঁড়া থেকে বেঁচে গিয়েছি, আরও বড় ক্ষতি হতে পারত।” তীব্র যন্ত্রণা এবং চোখের ফোলা ভাব কিছুটা কমলেও চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী এখন চোখে কোনও মেকআপ লাগাতে পারছেন না তিনি। ফলে ফোলা চোখ নিয়েই খুব সাবধানে ক্যামেরার মুখোমুখি হতে হচ্ছে ‘উজি’কে।

