লালবাগ মহকুমা আদালতে জাল উকিল আটক
রিচা দত্ত, মুর্শিদাবাদ: এবার জাল উকিল ধরা পড়ল লালবাগ মহকুমা আদালতে। দীর্ঘ কয়েক বছর ধরে উকিল পরিচয় দিয়ে আদালতে কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি।
লালবাগ শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মিজানুর রহমান, ভগবানগোলা থানা এলাকার বাসিন্দা।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ২০শে এপ্রিল। অভিযোগ, ওই দিন মিজানুর রহমান এক মক্কেলকে একটি এফিডেভিট করে দেন। কয়েকদিন আগে সেই এফিডেভিটটি দেখিয়ে ওই মক্কেল ফের আদালতে আসেন আরেকটি এফিডেভিট করাতে। তখনই এফিডেভিটটি দেখে সন্দেহ হয় বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের।
এরপর আইনজীবীরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, ওই এফিডেভিটটি সম্পূর্ণ জাল। শুধু তাই নয়, ওই ব্যক্তি এসিজেএম-এর সই ও সিল এবং মোর সেলিম শেখ নামে এক আইনজীবীর সিল ও সই জাল করেছেন।
বিষয়টি জানাজানি হতেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে।
এই ঘটনায় আইনজীবী মোর সেলিম শেখের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

