পূরব ব্যানার্জীর কবিতা “চলো যাই একসাথে ” এবং “বিপ্লব”
বিপ্লব
পূরব ব্যানার্জী
বিপ্লবের নিকুচি করেছে !
এদেশে বিপ্লবও একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে,
অথচ ইতিহাসের পাতায় সারি সারি মুখ -----------
নির্মম বলিদানের সাক্ষী হয়ে,
বিপ্লবকে বিশ্বজুড়ে শিক্ষণীয় করেছিল এইদেশ কোনো এক কালে ।।
তারপর স্বাধীনতার উপহারে সেই ঐতিহ্যও টিকে ছিল কয়েক দশক আমাদেরই পূর্বপুরুষের সংসারে !
ব্রিটিশরা চলে গেছে ঠিকই ------------
কিছু বীজ ছেড়ে গেছে এদেশের মাটির গভীরে !
জন্ম নিয়েছে যেখানে শয়ে শয়ে গন্ধ শোঁকা হায়েনার দল কাতারে কাতারে ।।
গন্ধ-শোঁকা হায়েনার দল !!
মানুষের কান্না যন্ত্রণায় এরা শোঁকে দেখে ক্ষমতা দখলের সুফল কুফল ,
ধর্মের আফিমে এরা প্রজন্মকে ঠেলে দেয়-----------
শতাব্দীর অতীতে সম্প্রদায়ের গহীন অন্ধকারে !
সম্মোহনী আবেগ মিশিয়ে, মৌলিক অধিকার কে বিস্মৃত করে,
বিবেক বুদ্ধি সংস্কৃতির বিসর্জন দিয়ে ------------
এরা শুধু যন্ত্রমানব গড়ে !!
বিপ্লবের মেকি ডাক দিয়ে,
এরাই কালোব্যাচ মোমবাতি হাতে অভয়ার বিচারের আর্তি করে,
আরশির মৃত্যুর চিরুনি তল্লাশি চালিয়ে ---------
মহামান্যের কাঠগোড়ায় তর্কযুদ্ধ শেষে,
প্রতিটি অবলার বলিদানে রাজনীতির গন্ধ শুঁকে মরে।।
এরা টাকা দিয়ে চাকরি বিক্রি করে,
তারপর সুযোগে ওঁত পেতে অসহায় মানুষের হাহাকার নিয়ে,
এরাই বিপ্লবের মিথ্যে অঙ্গিকার করে।।
অনুদান ভিক্ষা দিয়ে আপামর জনরবের মুখবন্ধ করে,
প্রতিবাদ সংগ্রাম গণ-আন্দোলনের নামে -------------
এদেশ বিপ্লব এর ষষ্ঠী পুজো করে।।
চলো যাই একসাথে
পূরব ব্যানার্জী
চলো যাই একসাথে, ওই শহরতলীর ফুটপাতে।
যেখানে শৈশব কত, বেওয়ারিশ বেড়ে ওঠে ।।
একটু স্নেহের ছোঁয়া,
একটু ভালোবাসা,
একটু তাদের হয়ে,
তাদের সাথে ওঠাবসা !
একদিন আকাশতলে, থাকি শুয়ে জ্যোৎস্না রাতে !
চলো যাই একসাথে আমরা ওই ফুটপাতে ।।
চলো যাই সাথে সাথে, রাখি হাত হাতে হাতে।
লাল স্বেচ্ছাসেবীরা ওই, ছুটে চলে যেই পথে।।
অভুক্ত অসহায়,
মারণ রোগের ছোঁয়ায়,
অন্ন নাই পথ্য নাই,
একটু অক্সিজেন চাই !
সবুজ প্রাণের যোদ্ধারা, ছুটছে ওই নির্দ্বিধাতে।
আজকে চলো সবে মিলে যাই ছুটে তাদের সাথে।।
বজ্রমুষ্ঠি চলো রে ভাই, উন্নত শিরে একসাথে যাই।
বজ্রকঠিন প্রতিবাদ যেথায়, সঙ্গী ছাড়া শূণ্যে হারায়।।
অত্যাচার আর নিপীড়নে,
রাজনীতির ওই নিষ্পেষণে,
দুর্বলদের হচ্ছে শোষণ, অযোগ্যতার স্বজনপোষণ !
লড়ছে একা ময়দানে সেই, দেশপ্রেমী সে,রাজনেতা নয় ।
আজ চলো যাই তার সাথে ভাই,
একটুখানি সাহস জোগায়।।
বিভেদ টা গিয়ে ভুলে, চলো সবে সাথে মিলে।
সাম্যের ফেরী করি, কদমে কদম তুলে ।।

