সর্বশেষ খবর
হাসপাতালে প্রাক্তন সেনাকর্মীকে খুন স্ত্রী ও প্রেমিকের
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: বাইক দুর্ঘটনায় আহত স্বামীকে হাসপাতালে ভর্তি করিয়ে খুন করলেন স্ত্রী ও তাঁর প্রেমিক। কর্নাটকের বেলাগাভি জেলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম সন্দীপ মঞ্জার্গি। তিনি একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন। প্রথমে তাঁর মৃত্যুকে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু বলে চালানো হলেও, পুলিশের তদন্তে উঠে এসেছে এক পরিকল্পিত খুনের চক্রান্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় জখম হন সন্দীপবাবু। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সন্দীপের স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। ঘটনার পর চিকিৎসকদের বিভ্রান্ত করতে হৃদরোগের তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হয়।
তবে প্রাক্তন সেনাকর্মীর আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধে। তাঁদের আপত্তির ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং কল ডিটেইলস খতিয়ে দেখার পর পুলিশ নিশ্চিত হয় যে, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হাসপাতালের বিছানায় অসহায় অবস্থার সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

