সর্বশেষ খবর
ময়ূরেশ্বরে তৃণমূল-সহ অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগ প্রায় ১০০ পরিবারের, দাবি কংগ্রেস নেতৃত্বের
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল কংগ্রেস। শুক্রবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এক যোগদান সভায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ১০০টি পরিবার ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব।
এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। তাঁর হাত ধরেই নবাগতরা জাতীয় কংগ্রেসে যোগ দেন। যোগদান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর-২ ব্লক কংগ্রেস সভাপতি জিতেন্দ্রনাথ ঘোষ, কার্যকরী সভাপতি বামাপদ বল্লা, ময়ূরেশ্বর-১ ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী-সহ জেলার ও ব্লকের একাধিক কংগ্রেস নেতা-কর্মী।
কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই বহু পরিবার কংগ্রেসের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন। আগামী দিনে এই ধরনের যোগদানের মাধ্যমে ময়ূরেশ্বর এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলেও তাদের দাবি।
তবে কংগ্রেসের এই যোগদানের দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

