২১ জুলাইয়ের স্মরণে মেমারিতে ব্লক কংগ্রেসের পথসভা, বামুনপাড়া মোড়ে শ্রদ্ধা নিবেদন
নূর আহমেদ,মেমারি: আগামী ২১ জুলাই শহীদ স্মরণ কর্মসূচীকে সামনে রেখে এবং ‘শহীদ মিনার চলো’ স্লোগানকে বাস্তবায়িত করতে জোরকদমে ময়দানে নামল মেমারি ব্লক কংগ্রেস কমিটি। এই উপলক্ষে শুক্রবার বিকেল ৫টা নাগাদ মেমারির বামুনপাড়া মোড়ে একটি বিশেষ পথসভার আয়োজন করা হয়। ১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে যে ১৩ জন তরতাজা যুবকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল, তাঁদের স্মৃতি ও বলিদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল। উক্ত পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সুদীপ মজুমদার, বিশিষ্ট শিক্ষক নেতা দিলীপ দাস, মেমারি ১ ব্লক কংগ্রেস সভাপতি আশীষ দত্ত, ফরিয়াদ মল্লিক এবং আবু হোশেন। বক্তারা তাঁদের ভাষণে ১৯৯৩ সালের সেই কালো অধ্যায়ের স্মৃতিচারণ করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দলের কর্মী-সমর্থকদের ২১ জুলাইয়ের কর্মসূচীতে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কংগ্রেস নেতা শ্রাবণ সাউ। মেমারির এই পথসভাকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

