সর্বশেষ খবর
চলন্ত লোকাল ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা
প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চলন্ত ট্রেন থেকে এক মহিলা যাত্রীকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়ার নজিরবিহীন ও নৃশংস ঘটনা ঘটল হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে। রবিবার রাতে আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনে এই ঘটনাটি ঘটেছে। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই মহিলা যাত্রী অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছেন। রেল পুলিশ সূত্রে খবর, ঘটনার পরেই তৎপরতা দেখিয়ে গণেশ কুমার নামে এক অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে হাওড়া থেকে ব্যান্ডেলগামী ওই লোকাল ট্রেনটি যখন গতিতে চলছিল, ঠিক তখনই ট্রেনের কামরার ভেতরে কোনো একটি বিষয় নিয়ে বচসা বা গোলমাল তৈরি হয়। অভিযোগ, সেই সময়ই চলন্ত ট্রেনের দরজা থেকে ওই মহিলাকে সজোরে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয় অভিযুক্ত গণেশ কুমার। লাইনের পাশে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন রেলকর্মী ও অন্য যাত্রীরা। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
হাওড়া জিআরপি (GRP) এই ঘটনার তদন্ত শুরু করেছে। চলন্ত ট্রেনে ওই মহিলার সঙ্গে ধৃত গণেশ কুমারের কোনো পূর্ব শত্রুতা ছিল নাকি ট্রেনের ভেতরেই হঠাৎ কোনো বচসা থেকে এই কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত গণেশ কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোশনি কুমারি নামে ওই মহিলা জানান সল্টলেক সেক্টর ফাইভ থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম। হাওড়া থেকে আপ ব্যান্ডেল লোকালে মহিলা কামরায় উঠেছিলাম। আচমকাই এক ব্যক্তি আমাকে ধাক্কা মারলে চলন্ত ট্রেন থেকে ছিটকে রেল লাইনে পড়ে যাই। কিন্তু কেন ধাক্কা, সে বিষয়ে কিছুই জানেন না বলেই দাবি আক্রান্ত মহিলার। এদিকে তদন্তকারীদের দাবি, ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
ট্রেনের কামরায় থাকা অন্য প্রত্যক্ষদর্শী যাত্রীদের সঙ্গেও কথা বলে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে রেল পুলিশ।

