'হুমকি দিয়েও লাভ নেই, মাথা নোয়াবো না’: মেমারিতে বললেন সিপিআইএম পঞ্চায়েত সদস্যরা
নুর আহমেদ: রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই দিকে দিকে রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। এবার পূর্ব বর্ধমানের *মেমারি ১ ব্লকের - নিমো ১ ও নিমো ২ নম্বর* গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচিত সিপিআইএম সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক পদত্যাগ করানোর জন্য হুমকির অভিযোগ উঠল স্থানীয় বিজেপি আশ্রিত বাইক বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগ, কিছুদিন আগে ৫০ থেকে ৬০ জনের একটি বাইক বাহিনী নিমো ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বাম জনপ্রতিনিধির বাড়িতে চড়াও হয় এবং পরদিনই বিডিও অফিসে গিয়ে ইস্তফা দেওয়ার নিদান দেয়। এমনকি এক মহিলা সদস্যাকে তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে অভিযোগ করেন খোদ পঞ্চায়েত সদস্যা অন্তরা দত্ত।
তবে এই চরম হুমকির মুখেও মাথা নত করতে নারাজ বাম জনপ্রতিনিধিরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, "আমরা মানুষের ভোটে জয়ী হয়েছি, কোনো চোর নই। হুমকির কাছে মাথা নোয়াবো না।"
ইতিমধ্যেই সিপিআইএমের পক্ষ থেকে মেমারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার সাথে তাঁদের কোনো যোগসূত্র থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে।
উল্লেখ্য, নিচুতলার রাজনীতিতে দলবদলের জন্য এই ধরনের জোর-জুলুম বা হুমকির ঘটনা ঘটলেও, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের উর্ধ্বতন কর্তৃপক্ষ অতীতে একাধিকবার জানিয়েছেন যে তাঁরা এই ধরণের হিংসাত্মক রাজনীতিকে সমর্থন করেন না এবং গণতান্ত্রিক উপায়েই দল পরিচালনায় বিশ্বাসী। এখন দেখার, পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়।

