সর্বশেষ খবর
নাগপুরে বায়ুসেনা অফিসারের স্ত্রীকে ধর্মান্তর, গ্রেফতার
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে জোর করে ধর্মপরিবর্তন এবং হেনস্থার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের নাগপুরে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আজ্জাজ তাজ মাদরে এবং আমিন শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে নাগপুর পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অপর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নির্যাতিতা তরুণীর স্বামী ভারতীয় বায়ুসেনায় কর্মরত। অভিযোগ, তাঁরই এক পরিচিত ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত আলোচনার নাম করে তাঁকে একটি স্থানে ডেকে পাঠান। সেখানে তরুণীকে হেনস্থা করা হয় এবং আপত্তিকর ভিডিও তুলে রাখা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল এবং লক্ষাধিক টাকা দাবি করা হয় বলে এফআইআর-এ জানানো হয়েছে।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক ওই তরুণীকে ধর্মীয় আচার পালনে বাধ্য করছেন এবং যুবতীটি কান্নায় ভেঙে পড়ছেন। তরুণীর অভিযোগ, এর পর তাঁকে জোর করে ধর্মান্তকরণ সম্পন্ন করানো হয়। স্বামী নাগপুরে ফিরে আসার পর নির্যাতিতা পুরো বিষয়টি তাঁকে জানান এবং পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

