সর্বশেষ খবর
তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কাঁকসায় তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলাকে ঘরের ভেতরে ঢুকিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতা তৃণমূলের কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অজয় মজুমদারকে কাঁকসা থানার পুলিশ আটক করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বনরক্ষা কমিটির টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে রেখেছিলেন ওই তৃণমূল নেতা। আগে একাধিকবার টাকা ফেরত দেওয়ার কথা বললেও তিনি শোনেননি। এমনকি এই কথার জন্য হুমকিও দেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর অজয়কে সেই টাকা ফেরতের কথা ফের বলা হয়। কিন্তু এবারও তিনি কোনো পাত্তা দেননি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়দের একাংশ। টাকা আদায়ের জন্য তাঁরা ওই নেতার বাড়ি ঘেরাও করে। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে এক মহিলাকে ঘরের ভেতরে ঢুকিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এরপর উত্তেজিত জনতা অজয়ের বাড়ি ভাংচুর করে। এদিন টিয়া তমালি অভিযোগ করে বলেন, ওর কাছে টাকা পাই। আমরা ওর কাছে গিয়েছিলাম। অনেকবার বাড়ি থেকে বেরোতে বলার পরেও ও ঘর থেকে বেরোয়নি। উল্টে আমাদের একটা মেয়েকে ঘরে ঢুকিয়ে মারধোর করে। অত্যাচার করে। অন্য বিক্ষোভকারী নিয়তি দত্ত বলেন, মেয়েটির পেটে বুকে লাথি মেরেছে। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আমরা অজয়ের শাস্তি চাই।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অজয়ের পরিবারের এক সদস্য বলেন, পাড়ার কিছু দুস্কৃতি এসে দশ লাখ টাকা চেয়েছিল। আমরা দিতে পারিনি বলে বাড়ি ভাংচুর করেছে।
ঘটনার ঘটনার খবর পেয়ে এলাকায় চলে আসে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহত মহিলাকে প্রথমে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। অজয় মজুমদারকে পুলিশ আটক করে নিয়ে যায়। কিন্তু তারপর কাঁকসা থানা ঘেরাও করে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। কড়া শাস্তির দাবি জানিয়েছেন যাঁরা।
বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস বলেন, আমরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দিয়েছি। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবো।

