সর্বশেষ খবর
বালি বোঝাই ট্রাক্টর ঢুকে পড়ল গোয়াল ঘরে, গলসিতে চাঞ্চল্য
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে গলসির শিকারপুরে বালি বোঝাই একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সটান ঢুকে পড়ল এক গৃহস্থের গোয়ালঘরে। ধাক্কার জেরে ভেঙে গিয়েছে গোয়ালবাড়ির একাংশ। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ট্রাক্টরের চালক। হতাহত হয়নি কোনও গবাদি পশুও। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেআইনি বালি পাচার চলছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে।
গলসি শিকারপুর এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর। অভিযোগ, এই নদকে কেন্দ্র করে বালির অবৈধ কারবার চলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরে প্রশাসনিক সভায় এসে বলেছিলেন, বালিতে তো ভয়ঙ্কর। আমরা এটাই বলে দিয়েছি প্রয়োজন হলে বালির দাম বেঁধে দিন। অভিযোগ, মুখ্যমন্ত্রী বলার পরেও বালি চুরির ঘটনা থামেনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দামোদরকে কেন্দ্র করে এখানে অবৈধ বালির কারবার চলছে। মাঝরাত থেকে দেদার বালি তুলে পাচার করা হচ্ছে।
এদিন শিকারপুর থেকে বালি বোঝাই করে ট্রাক্টরটি দ্রুতগতিতে গলসির দিকে যাচ্ছিল। হঠাৎই চালক ট্রাক্টরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে থাকা একটি গোয়ালবাড়িতে ধাক্কা মারে এবং ট্রাক্টরের ইঞ্জিন গোয়ালের ভিতরে ঢুকে যায়। ধাক্কার জেরে দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে দামোদর নদের একাধিক জায়গায় অবৈধ বালিঘাট গজিয়ে উঠেছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন বালি পাচার হয়েছে। পালাবদলের পরেও ট্রাক্টরে করে বালি পাচারের ধারা একই রয়েছে। তাতে গ্রামীন পরিবেশ নষ্ট হচ্ছে।
এলাকার বাসিন্দা পান্না মিদ্যা বলেন, শিকারপুর, সোঁডা, ভাঙাবাঁধ থেকে যে বালির গাড়িগুলি চলছে তাদের গতির উপর নিয়ন্ত্রণ থাকা দরকার। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া দরকার। এই রাস্তায় মিঠাপুর শ্রীদুর্গা স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। তাদের প্রাণ সংশয় হতে পারে। তাঁর দাবি, অবৈধ বালির কারবার বন্ধ না হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হোক। বিজেপি নেতা কানন মাজি বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে প্রশাসনের কাছে কড়া নির্দেশ আছে কোনো অবৈধ কাজ এলাকায় চলবে না। প্রশাসন অবশ্যই দেখবে।
এদিন খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক্টরটিকে আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

